বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি’ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–বিজ্ঞান মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–বিজ্ঞান মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার একটি উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণের অঙ্গীকার।
তিনি শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশে বলেন, দেশের পরিবেশ, কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের বিভিন্ন সমস্যার টেকসই সমাধান সম্ভব।
ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জাতীয় ‘সবুজ বিপ্লব’-এ রূপ দেওয়ার আহ্বান জানিয়ে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
শিক্ষার্থীদের পরিবেশ-সচেতন করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠান পরিচালনা করেন শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
