হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা পৌঁছালেও স্থানীয়ভাবে ডুবুরি দল না থাকায় পানির নিচে তাৎক্ষণিক উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এসময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে স্রোতে ভেসে যায়। সাথে থাকা শিশুটি দ্রুত বাড়িতে খবর দিলে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তামিমের কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে হাতিয়াতে কোনো ডুবুরি দল না থাকায় পানির নিচে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস বা কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
তবে আজ বুধবার (১০ জুন) সকালে ভোলা থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে পৌঁছেছে এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পূর্ণাঙ্গ অভিযান শুরু করা হয়েছে।
