ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৭:১১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

ছবি: ফিফা বিশ্বকাপ/ফেসবুক

ছবি: ফিফা বিশ্বকাপ/ফেসবুক

প্রথমবারের মতো তিনটি দেশে হবে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সহ-আয়োজক তিন দেশে অনুষ্ঠান হবে ভিন্ন ভিন্ন সময়ে।

টুর্নামেন্টের উদ্বোধন হবে আজ বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। সহ-আয়োজক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

অনুষ্ঠানে যেমন আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। সেখানে এবার বিশ্বকাপে অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতানো শাকিরা, সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়।

পাশাপাশি এবার বিশ্বকাপে অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানা। দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার টাইলাও মেক্সিকো সিটির অনুষ্ঠানে অংশ নেবেন।

এ উপলক্ষ্যে মেক্সিকো সিটির সব স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচের আগে রাজধানী শহরের যানজট কমাতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ ডিক্রি জারি করেছেন।

এই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি- সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব স্তরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মচারীদের জন্য দূর থেকে কাজ করার ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতেও খুব একটা জরুরী নয় এমন কার্যক্রমের ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট শিনবম বলেন, “এই ডিক্রির উদ্দেশ্য হলো যাতে বিশ্বকাপের দিন উদ্বোধনী অনুষ্ঠান কোনও যানজট বা সমস্যার সম্মুখীন না হয়।”

সরকারি কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো রাজধানীর বাসিন্দা এবং বিশ্বকাপ উপলক্ষে আগত পর্যটকদের জন্য সড়ক নিরাপত্তা ও যাতায়াত সুবিধা আরও উন্নত করা।

এই ব্যবস্থা শুধুমাত্র টুর্নামেন্টের উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। প্রথম ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক মেক্সিকো।

কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় স্বাগতিক হয়ে কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার ভোরে, বাংলাদেশ সময় সকাল সাতটায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকেরা। তার আগে ভোর সাড়ে পাঁচটায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।