বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: বিসিবি/ফাইল ছবি
বল হাতে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তুলে নিয়েছেন তিন উইকেট।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার এই কীর্তি গড়ে টাইগাররা।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। এর আগে কেবল দুবারই দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন ডাক মেরে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ।
আগের ম্যাচে প্রথম বলেই উইকেট পাওয়া তাসকিন এদিনও শুরুটা করেন। এদিনও তার বলে বোল্ড হয়েছেন ম্যাথু শর্ট।
পরের ওভারে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ওভারের প্রথম বলেই আউট কুপার কনোলি। এরপর ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন রেন শ।
এই ধাক্কা কাটিয়ে না উঠতেই দলীয় ২৫ রানে অ্যালেক্স কেয়ারিকেও হারিয়েছে অস্ট্রেরিয়া। ১৭ বলে ১৩ রান করে মোস্তাফিজের বলে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন কেয়ারি।
সবশেষ: এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১৩ ওভারে ৪ উইকেটে ৫১।
এদিন একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ছন্দহীন সাইফ হাসানকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে আরেক ওপেনার সৌম্য সরকারকে।
অস্ট্রেলিয়া তাদের শক্তি বাড়িয়েছে পেসে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে ঢোকা পেসার রিলে ম্যারিডিটকে একাদশে রাখা হয়েছে। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
এই প্রতিবেদন লেখার সময় জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিল অস্ট্রেলিয়া। কিন্তু তা হতে দিলেন না তানভীর ইসলাম। থিতু হয়ে আসা দুজনকেই ফিরিয়েছেন এই স্পিনার।
৩৮ বলে ৩৪ রান করার ইংলিশকে ডিপ কাভারে তানজিদের হাতে ক্যাচ বানিয়েছেন তানভীর। এর ফলে ভাঙে পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটি।
সেই রেশ থাকতেই ৫০ বলে ২৫ রান করা গ্রিনকে ফিরতি ক্যাচ বানিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৮১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে খুব চাপে অজিরা।
এখন উইকেটে এসেছেন জাভিয়ের বার্টলেট, আরেক পাশে ফর্ম না থাকা মার্নাস লাবুশেন।
