জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪২ এএম, ১২ জুন ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
বিশ্বকাপের উন্মাদনায় বুঁদ ফুটবল বিশ্ব। কোটি সমর্থকের অপেক্ষার প্রহর শেষ করে জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের। আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ফুটবল মহাযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস-ঐতিহ্য। বিভিন্ন ধরনের কোরিওগ্রাফিতে স্টেডিয়াম রঙিন করে তুলেন পারফরমাররা। এরপর সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিখ্যাত সংগীতশিল্পী শাকিরা। সবার শেষে স্টেডিয়ামে তৈরি করা মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গেই চারদিক থেকে ভেসে আসে করতালি। মঞ্চে ওঠেই নেঁচে-গেয়ে স্টেডিয়াম মাতান তিনি। তার সঙ্গে এই মঞ্চে আরও আছেন বেলিন্ডা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানার মতো তারকারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১টায় বাজবে বিশ্বকাপের প্রথম বাঁশি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। কাকতালীয়ভাবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল।
এরপর বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৬টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সরা বিশ্বকাপের উন্মাদনাকে দ্বিগুণ করবেন।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে কেটি পেরি ও কে-পপ তারকা লিসাসহ ফিউচার, রেমা, অ্যানিত্তা এবং টাইলার মতো তারকারা দর্শক মাতাবেন।
