ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:০১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ছবি: পিএমও

আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য মন্ত্রী-এমপিগণ ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

ক্ষমতায় এসে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বিএনপির নির্বাচনি অঙ্গীকার। কক্সবাজারের মালুমঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে আরেকটি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর ঢাকার করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড, টাঙ্গাইলে কৃষক কার্ড,সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বিভিন্ন জেলায়  পাইলটিং প্রকল্প শুরু হয়।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা এবং ক্রীড়াবিদদের সম্মানি ও ক্রীড়া কার্ড প্রদান করেন।

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেড় কোটি চারা ৪৯ জেলার ১৪৯ উপজেলায় রোপণ করা হবে।

মালুমঘাট সংরক্ষিত বনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, পরিবেশ সচিব রায়হান কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।