সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রা করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান,প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি মূলত মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী; বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী; সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম; সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যরা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।
