জি-৭ সম্মেলন: জেলেনস্কির কাণ্ডে ইতালির প্রধানমন্ত্রীর অস্বস্তি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
জি-৭ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘চুম্বনের চেষ্টা করে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের এভিয়ানে চলমান এই শীর্ষ সম্মেলনের একটি বৈঠক চলাকালীন এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যখন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রধান উরসুলা ফন ডার লেয়েনের হাত ধরে কথা বলছিলেন, ঠিক তখনই তার দিকে এগিয়ে আসেন জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীকে পাশে এসে দাঁড়াতে দেখে জেলেনস্কি হঠাৎ করেই পুরো শরীর ঘুরিয়ে তার দিকে এগিয়ে যান। মেলোনি সৌজন্যবশত জেলেনস্কিকে আলিঙ্গন করেন এবং গালে চুমু খেয়ে অভিবাদন জানাতে চান। কিন্তু ঠিক তখনই জেলেনস্কি মেলোনির ঠোঁটে দুবার চুম্বনের চেষ্টা করেন বলে ফুটেজে স্পষ্ট হয়।
এই আকস্মিক পরিস্থিতিতে মেলোনি দৃশ্যত বেশ অস্বস্তিতে পড়েন এবং জেলেনস্কির সঙ্গে চোখাচোখি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তিনি বেশ তাড়াহুড়ো করেই সেই স্থান ত্যাগ করেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও নেটদুনিয়ায় নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে, এই সম্মেলন চলাকালীনই ফরাসি সাংবাদিক ভিনসেন্ট হারভিউ এক মন্তব্যে বলেন, এভিয়ানের এই জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা নিজ নিজ দেশে জনপ্রিয়তা হারিয়ে একপ্রকার রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এমনকি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিও তার আগের সেই রাজনৈতিক দৃঢ়তা ও শক্তি হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ইজভেস্তিয়া
