ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৩৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বিশ্বের বিভিন্ন মহানগরের মতো বায়ুদূষণের চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। তবে সাম্প্রতিক সময়ে বাতাসের মান কিছুটা উন্নত হওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে ১৩ নম্বরে। আজ রোববার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (এএকিউআই) ছিল ৯২, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ের বাতাস নির্দেশ করে।

বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির এএকিউআই স্কোর ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ুমান নির্দেশ করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬০। তৃতীয় অবস্থানে থাকা বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৫৭।

এ ছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বায়ুমান সূচক ছিল ১৩৭, যা সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে পড়ে। ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।