ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীর সিল্ক পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগের সেবাকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম শিল্প মালিক সমিতি এবং ডাক বিভাগের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। সম্প্রতি রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, আধুনিক ডাকসেবা ও ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সিল্ক পণ্য সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে একদিকে যেমন পরিবহন ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে গিয়ে উদ্যোক্তারা সরাসরি লাভবান হবেন।
আলোচনায় রাজশাহী জিপিওসহ গুরুত্বপূর্ণ ডাকঘরগুলোতে বিশেষ পার্সেল সেবা চালু, ডিজিটাল ট্র্যাকিং সুবিধা বৃদ্ধি এবং সিল্ক পণ্যের জন্য উন্নতমানের প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প সময়ে পণ্য পৌঁছে দিতে ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামোকে আরও কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়।
বিদেশে সিল্ক পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা প্রবাসী ও বিদেশি ক্রেতাদের কাছে সহজে পণ্য পৌঁছাতে শুল্ক ও প্রেরণসংক্রান্ত জটিলতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, রেশম শিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক খাতে পরিণত করতে আধুনিক সরবরাহ ব্যবস্থার বিকল্প নেই। ডাক বিভাগের সঙ্গে এই সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের ঐতিহ্যবাহী সিল্ক শিল্প নতুন বাজার ও নতুন ক্রেতা পাবে।
সভায় ডাক বিভাগ, রেশম শিল্প মালিক সমিতি এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা রেশম শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীর সিল্ক শিল্পে নতুন গতি আসবে এবং দেশীয় ঐতিহ্যবাহী এ পণ্যের চাহিদা দেশ-বিদেশে আরও বাড়বে।
