ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:১৯:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের ৩৩তম ম্যাচে এবারের বিশ্বকাপে শততম গোল পূর্ণ হয়েছে। যা বিশ্বকাপের সব আসর মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১শ গোল। 

১৯৫৮ সালের বিশ্বকাপে ৩৩ ম্যাচে ১শ গোল হয়েছিল। এরপর আর কোন বিশ্বকাপে ৩৩ বা তার কম ম্যাচে ১শ গোল হয়নি। তাই ৬৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দ্রুত ১শ গোল দেখলো ফুটবল প্রেমীরা।

বিশ্বকাপে দ্রুত ১শ গোলের মাইফলক স্পর্শ করার রেকর্ড আছে ১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে। ঐ আসরে মাত্র ২০ ম্যাচে ১শ গোল হয়েছিল। যা এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে দ্রুততম ১শ গোলের বিশ্ব রেকর্ড।

এছাড়া ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ৩৬ ম্যাচে ১শ গোল হয়েছে। ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে ৩৮ ম্যাচে এসে ১শ গোল পূর্ণ হয়।

চলতি বিশ্বকাপের শততম গোলটি করেছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডি গাকপো। গতরাতে সুইডেনের বিপক্ষে গোল করে এই বিশ্বকাপের শততম গোলদাতা হয়ে যান গাকপো। ৩৩ ম্যাচ পর্যন্ত প্রতি ম্যাচে গোলের গড়- ৩.০৯। এবারের আসরে এডিডাসের ‘ট্রিয়োন্ডা’ বল ব্যবহার করা হচ্ছে।

এখন পর্যন্ত বিশ্বকাপের কয়েকটি ম্যাচে বড় জয়ও দেখা গেছে। এরমধ্যে জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে, সুইজারল্যান্ড ৪-১ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে, যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে, ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে, সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে, নরওয়ে ৪-১ গোলে ইরাককে, কানাডা ৬-০ গোলে কাতারকে, নেদারল্যান্ডস ৫-১ গোলে সুইডেনকে, জাপান ৪-০ গোলে তিউনিশিয়াকে হারিয়েছে।

৩৩ ম্যাচে ১শ গোল পূর্ণ হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডেরও আশা করা হচ্ছে।