ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:০৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ

নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে আজ রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সেলিমা আহমাদের মৃত্যুতে দেশের ব্যবসায়ী অঙ্গন, নারী উদ্যোক্তা সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে এক শোকবার্তায় বিভিন্ন ব্যবসায়ী নেতা বলেন, বাংলাদেশ একজন দূরদর্শী উদ্যোক্তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রদূতকে হারাল।

নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে সেলিমা আহমাদ দেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল নারী উদ্যোক্তাদের সংগঠিত ও ক্ষমতায়নের আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে হাজারো নারীকে ব্যবসা ও উদ্যোক্তা কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ করে দেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ, নারীদের জন্য সহজ ঋণপ্রাপ্তি এবং প্রশিক্ষণ কার্যক্রম চালুর ক্ষেত্রেও তার অবদান বিশেষভাবে স্মরণীয়।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সংসদে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। সোমবার অথবা মঙ্গলবার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে।

সেলিমা আহমাদের মৃত্যুতে দেশের ব্যবসায়ী সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। নারী উদ্যোক্তাদের বিকাশে তার অবদান দীর্ঘদিন স্মরণ করবে বাংলাদেশ।