ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১৪:২৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৪ জুন ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বিশ্বকাপ মঞ্চে অবশেষে ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখা গেল চিরচেনা ভঙ্গিমায়। হিউস্টনে মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজে উড়লেন, দলকেও উড়ালেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

৪১ বছর বয়সী এই কিংবদন্তি খেলছেন তার ষষ্ঠ বিশ্বকাপে। উজবেকিস্তানের বিপক্ষে জোয়াও কানসেলোর ক্রস থেকে কাছাকাছি দূরত্বের শটে গোল করে গড়েন ইতিহাস—বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয় আসরে গোল করার কীর্তি। একই সঙ্গে তিনি দ্বিতীয় সর্বাধিক বয়সী গোলদাতাও হলেন, ক্যামেরুনের রজার মিলার পরেই।

রোনালদো গোল করলেন ৪১ বছর ১৩৮ দিন বয়সে। রজার মিলার ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিনে গোল করেছিলেন।

কঙ্গো ডিআরের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স (০-০) এবং জাতীয় দলে টানা ১০ ম্যাচ গোলখরার পর এদিন রোনালদোর চোখে-মুখে ছিল স্বস্তির আভা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে দ্বিতীয় গোলও পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা রোনালদো—এবার ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি নিখুঁত শটে। এটি তার বিশ্বকাপে দশম গোল, যা তাকে বানিয়েছে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা, কিংবদন্তি ইউসেবিওকে (৯ গোল) ছাড়িয়ে।

এর মাঝে তিনি নুনো মেন্ডেসের দুর্দান্ত ফ্রি-কিকের সময় চতুর ডিকয় হিসেবে ভূমিকা রাখেন। এরপর উজবেকিস্তানের আত্মঘাতী গোল এবং রাফা লেয়াওয়ের শেষ মুহূর্তের গোল মিলিয়ে পর্তুগাল ৫-০ ব্যবধানের বড় জয় পায়। 

উজবেকিস্তান আজিজজন গনিয়েভের দূরপাল্লার শটে জালে বল পাঠিয়েছিল, কিন্তু ফাউলের কারণে গোল হয়নি। তাদের অভিষেক বিশ্বকাপ অভিযাত্রা শেষ হলো গ্রুপ পর্বেই। 

ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলতাদা রোনালদো বলেন, "আমি খুব খুশি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের কাজ এবং আত্মবিশ্বাস। দল দারুণ খেলেছে এবং অনেক উন্নতি করেছে। যেমন বলা হয়, প্রতিটি মেঘের আড়ালে থাকে রূপালি রেখা। ব্যক্তিগতভাবে রেকর্ড ভালো লাগলেও আমার লক্ষ্য সবসময় জাতীয় দলকে তার উদ্দেশ্য পূরণে সাহায্য করা।" 

জয় ও রোনালদো ফর্মে ফেরায় পাহাড় সমান চাপও যেন নেমে গেছে রবার্তো মাতিনেজের উপর থেকে। তার কথাতেই থাকল স্বস্তির ইঙ্গিত।

"এটাই ছিল আমাদের ড্রেসিংরুমের প্রতিক্রিয়া। কখনও কখনও প্রথম ম্যাচের মতো একটি খেলা দরকার হয় টুর্নামেন্টে মাথা চড়া দিয়ে ওঠার জন্য। আজ আমরা একই মনোভাব ও প্রতিশ্রুতি দেখেছি, তবে আরও পরিণতভাবে। আমি ফলাফলে খুবই সন্তুষ্ট।"

গ্রুপ পর্বে পর্তুগালের শেষ ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে, প্রতিপক্ষ কলম্বিয়া। ‘কে’ গ্রুপে এই দুই দলের পয়েন্টই সমান ৪ করে, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পর্তুগাল।