ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ২১:৩৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দীর্ঘ ১৪ মাস বিরতির পর আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সেদিন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট জানিয়েছে, ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার ইপিআই কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, প্রয়োজনীয় সব ভিটামিন ‘এ’ ক্যাপসুল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে, রাজধানীর শাহবাগে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ক্যাম্পেইন পরিচালিত হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি মোকাবিলা এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে সব যোগ্য শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।