ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:০৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় হৃদয়বিদারক এক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। নিহত ওই নারীর নাম আন্দ্রেয়া। দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী তিনি।

স্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হেক্টর বেলো। তিনি লিখেছেন, একদিন তিনি তার মেয়েকে জানাবেন, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন। 

বেলোর ভাষায়, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দ্রেয়া তাদের সন্তানকে আগলে রেখেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছেন।

বুধবার রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকর্মীরা দিনরাত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

একাধিক পোস্টে হেক্টর বেলো জানান, তিনি বর্তমানে কারাকাসে অবস্থান করছেন। তার ছোট মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে তিনি জানান, তার মেয়ে ও মেয়ের খালা জীবিত আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না বেলো। ইনস্টাগ্রামের আরেকটি স্টোরিতে তিনি লিখেছেন, কীভাবে তিনি তার মেয়েকে বোঝাবেন যে তাকে বাঁচাতে গিয়েই তার মা নিজের জীবন হারিয়েছেন। একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং কিছুই করতে পারেননি।

স্থানীয় ফুটবল সংবাদমাধ্যম কুমানা অব চ্যাম্পিয়নস জানায়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে ভবন ধসে পড়ার ঘটনায় তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিকে, দুর্যোগের কয়েকদিন পরও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের তালিকায় ক্রীড়াঙ্গনেরও কয়েকজন সদস্য রয়েছেন।

ভেনেজুয়েলার বিভিন্ন ফুটবল ক্লাব ও দেশটির ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। তাদের একজন কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা। ক্লাব জানিয়েছে, তিনি লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। শোকবার্তায় ক্লাব তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, নিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ আচরণের কথা স্মরণ করেছে।

আরেক নিহত ফুটবলার ভিক্টর প্যালাসিওস। তার ক্লাব ক্লাব স্পোর্টস সান অগাস্টিন জানিয়েছে, তিনি একাডেমির জন্য অসাধারণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানিয়েছে, প্যালাসিওস এর আগে মারিটিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়েও খেলেছেন।

ভূমিকম্পের পর পুরো ভেনেজুয়েলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় নিরলস কাজ করে যাচ্ছেন। তবে এই দুর্যোগের মধ্যেও হেক্টর বেলো ও তার পরিবারের গল্প মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এক মায়ের আত্মত্যাগের গল্প, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে আগলে রেখে নিজের জীবন উৎসর্গ করেছেন।