ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

World_laber_491801953স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চট্টগ্রাম : শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক বলেন, ‘দারিদ্রতার সুযোগে এক শ্রেণির অসাধুমহল শিশুদেরকে অল্প বেতনে হোটেল, রেস্তোঁরা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহকর্মী হিসেবে কাজ করাচ্ছে। কর্মক্ষেত্রে তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। শিশুদের কল্যাণে সরকার বিনামূল্যে পড়ালেখা ও স্কুল ফিডিংয়ের ব্যবস্থাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও অভিভাবকদের অসেচতনতার কারণে শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুশ্রম ও নির্যাতন রোধে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।’ তিনি বলেন, ‘সম্মিলিত উদ্যোগে বস্তি এলাকাসহ সমাজের ঝরে পড়া শিশুদের মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে পুনর্বাসনসহ স্কুলমুখী করা গেলে শিশুরা সহিংসতা থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।’ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী গোলাম এহসানুল হাবিবের সভাপতিত্বে ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রবার্ট কমল সরকার, ওয়াল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার রোনাল্ড প্রবীর সিসিক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক আমানুর রহমান খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জিএম আব্দুস সালাম, শ্রম বিভাগের কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম। ১১.০৬.২০১৫