ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৮:৩৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার

নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।

নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে কী অর্জন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই নেতা বলেন, ট্রাম্প প্রশাসনের যুদ্ধসংক্রান্ত লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে এবং সংঘাতের ব্যয়ও ক্রমাগত বেড়েছে। তার মতে, আমেরিকান জনগণের জানার অধিকার রয়েছে যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কতটা নিরাপদ করেছে এবং এর বাস্তব অর্জন কী।

মিকি শেরিল দাবি করেন, যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে হোয়াইট হাউস ভিন্ন ভিন্ন লক্ষ্য সামনে এনেছে। কখনও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কখনও পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনও সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছে।

তার ভাষায়, প্রশাসন ঘোষিত এসব লক্ষ্যগুলোর কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। ফলে যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য এবং এর ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে।

শেরিল আরও বলেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তাই ওই জলপথ পুনরায় চালুর বিষয়টিকে সামরিক অভিযানের অর্জন হিসেবে দেখানোর সুযোগ নেই।

ডেমোক্র্যাট নেতাদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে আসছেন। তাদের অভিযোগ, সুস্পষ্ট কৌশল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সামরিক পদক্ষেপ নেওয়ার ফলে আঞ্চলিক অস্থিরতা আরও বেড়েছে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। তবে এই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক ক্রমেই বাড়ছে। 

তথ্যসূত্র: মিডল ইস্ট আই