ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত প্রাণহানী ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের ধ্বংসাত্মক দাবনলে এখন পর্যন্ত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির তরফ থেকে এই তথ্য আজ মঙ্গলবার জানানো হয়। দাবানলটিকে এ অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক প্রশাসনিক প্রধান কোরি হোনেয়া বলেন, ‘আজ আরো ১৩ জনের দেহাবশেষ উদ্ধার করায় এ রাক্ষুসি দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।’
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা। হোনেয়া বলেন, ক্যালিফোর্নিয়ায় এর আগে কখনো এতো ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়নি।
ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ কিছুই আর বাকি নেই তেমন। প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুর।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
