ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৬:৩৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সারা দেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। এবারই প্রথম দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষা কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন। বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা।

দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায়। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপদ পরিবহন, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম, কেন্দ্রের শৌচাগার তল্লাশি এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তিনি জানান, কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী নয়, দায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবিদদের মতে, সব বোর্ডে একই প্রশ্নপত্র চালু হওয়ায় পরীক্ষার মানে সমতা আসবে। তবে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন এবং সারা দেশে অভিন্নভাবে পরীক্ষা পরিচালনা করাই হবে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ বছরের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।