দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
দেশের ১৫ জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) সকাল পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকালীন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বজ্রঝড়ের সময় অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করা এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
