ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১৫:১৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. জুয়েল (২০), একই এলাকার সোনা মিয়ার ছেলে মো. রানা (২২) ও মানিক মিয়ার ছেলে মো. পারভেজ (২১)। 

মো. রাজিব নামে একজন দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান,  রাতের দিকে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন।

রাজিব আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। 

ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে জুয়েল ৩০ শতাংশ, রানা ৬৩ ও পারভেজ ২১ শতাংশ দগ্ধ হয়েছেন। 

তিনি আরও জানান, রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, কলাবাগান কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্নে এসেছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাদের মধ্যে একজন আইসিইউতে ও বাকি দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।