ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:০৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম

রাতুল মাঝি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মৌসুমি সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও মাছ, মাংস, কাঁচামরিচ, আদা-রসুন ও ভোজ্যতেলের উচ্চমূল্য এখনো ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। ফলে মাসের শুরুতেই সংসারের বাজার করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ মানুষ।

আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ, শান্তিনগর ও খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩২০ থেকে ৩৫০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০ থেকে ৭৫০ টাকা কেজি এবং খাসির মাংস ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে।

ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি ডজন ফার্মের ডিম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দাম চড়া। পাঙ্গাস ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৩০ টাকা, রুই ২৬০-৩৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা এবং মাঝারি আকারের চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার মোটামুটি স্থিতিশীল। মোটা চাল কেজিতে ৪৮-৫০ টাকা, মাঝারি মানের চাল ৫৫-৬০ টাকা এবং মিনিকেট বা সরু চাল ৬৬-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৬৩-১৬৫ টাকা, দেশি পেঁয়াজ ৬০-৬৪ টাকা, দেশি রসুন ১৭৩-১৮৬ টাকা, আমদানি করা রসুন ১৯২-২০৪ টাকা, দেশি আদা ১৫৪-১৭৪ টাকা এবং কাঁচামরিচ ২১৮-২৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারে তুলনামূলক স্বস্তি ফিরেছে। পটল, ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকরোল ও শসাসহ বেশিরভাগ মৌসুমি সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বেগুন, শিম ও কিছু সবজির দাম এখনো ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে মাঠ থেকে সবজি আসায় সরবরাহ বেড়েছে, তাই দাম কিছুটা কমেছে।

ক্রেতাদের অভিযোগ, এক-দুটি পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে বাজার এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে মাছ, মাংস, কাঁচামরিচ, আদা, রসুন ও ভোজ্যতেলের উচ্চমূল্যের কারণে মাসিক ব্যয় আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে উচ্চমূল্য, পরিবহন ব্যয় এবং সরবরাহের ওঠানামার কারণে কিছু পণ্যের দাম বাড়তি রয়েছে। তবে মৌসুমি সবজির সরবরাহ আরও বাড়লে আগামী সপ্তাহে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে তাদের আশা।