ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৩:৪০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলাডেলফির আকাশে ফুটবলের উত্তাপের চেয়ে এখন বেশি আলোচনায় প্রকৃতির তাপ। ভয়াবহ গরমে মাঠে নামা খেলোয়াড়দের জন্য কতটা নিরাপদ হবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। আবহাওয়ার ঝুঁকি বাড়তে থাকায় ফ্রান্স–প্যারাগুয়ের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি নির্ধারিত সময়েই হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গুগল ওয়েদারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বর্তমানে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে গরমের অনুভূতি বা ‘ফিলস লাইক’ তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। এই পরিস্থিতিকে বিপজ্জনক আবহাওয়া হিসেবে সতর্ক করা হয়েছে।


আগামীকাল স্থানীয় সময় বিকেলে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা) ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তীব্র দাবদাহের কারণে ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিত করার দাবি উঠেছে।

ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে ম্যাচের সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। তাদের আশঙ্কা, ম্যাচ চলাকালে তাপমাত্রা ৩৭ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে, যা খেলোয়াড়দের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ফিলাডেলফিয়ার ছাদবিহীন লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে। খোলা মাঠ হওয়ায় সরাসরি রোদের তাপ ও উচ্চ আর্দ্রতার মধ্যে খেলতে হবে খেলোয়াড়দের। একই সঙ্গে কোচ, ম্যাচ কর্মকর্তাসহ গ্যালারিতে থাকা দর্শকরাও চরম ভোগান্তির মুখে পড়তে পারেন।

এমন আবহাওয়ায় দীর্ঘ সময় দৌড়ঝাঁপ করলে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকি অনেক বেড়ে যায়। অতিরিক্ত গরম খেলোয়াড়দের স্বাভাবিক পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমান নির্দেশনা অনুযায়ী, ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ম্যাচ স্থগিত বা সময় পরিবর্তনের সুযোগ রয়েছে। আগামীকালের আবহাওয়ায় সেই সীমা অতিক্রম হওয়ার আশঙ্কা থাকায় ফিফার ওপর চাপ আরও বাড়ছে।

তবে ফিফা জানিয়েছে, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের বাইরে কুলিং টেন্ট, পর্যাপ্ত পানীয় পানি এবং ম্যাচ চলাকালে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতির ব্যবস্থা রাখা হবে। যদিও এত তীব্র গরমে এসব ব্যবস্থা যথেষ্ট নাও হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে বিশ্বকাপের বিভিন্ন ফ্যান ফেস্টিভ্যালের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকলে টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচ একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।