ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পটকা মাছ খেয়ে দাদী-নাতনির মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রামের মিরসরাইয়ে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। এছাড়া আরো সাতজন অসুস্থ হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

 

নিহত দাদীর নাম ফজিলা খাতুন (৬০) ও তার নাতনি মরিয়ম (৩)। গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।


 
এদিকে, রাত ৯টার দিকে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন আছেন মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০) ও সাব্বির (৭) এবং বোন ঝর্ণা (৮) ও আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বারইয়াহাট বাজার থেকে পটকা মাছ কিনে বাড়িতে নিয়ে যান শফিকুল ইসলাম। রান্নার পর দুপুরের খাবারের সাথে পরিবারের সবাই মিলে বেলুন আকৃতির ওই মাছ খান। খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের দুই শিশুসহ চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুন ও শিশু মরিয়ম নেছাকে মৃত ঘোষণা করেন। এবং অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সাতজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।