ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৩৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছেই। সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের মানের উন্নতি হয়। কিন্তু এবার কয়েক দিনের বর্ষণেও মেগাসিটি ঢাকার বায়ুমানে সেই উন্নতি মেলেনি। উল্টো বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও প্রথম দিকেই উঠে এসেছে রাজধানী।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার স্কোর ১৫৪। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৩৩।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন।
 
তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।
 
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।