ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহাকাশে এবার মিলেছে ‘মিষ্টির’ সন্ধান। প্রথমবারের মতো আকাশগঙ্গা ছায়াপথে প্রকৃত অর্থে একটি শর্করা (চিনি) অণু শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার শুধু মহাকাশ রসায়নের ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণায়ও নতুন মাত্রা যোগ করেছে। 

গবেষকদের মতে, শনাক্ত হওয়া শর্করাটি ইরিথ্রুলোজ নামে পরিচিত। এটি চারটি কার্বন পরমাণু দিয়ে গঠিত একটি সুগার অণু। এতদিন মহাকাশে বিভিন্ন ধরনের জৈব অণুর সন্ধান মিললেও, এই ধরনের শর্করা অণু এবারই প্রথম শনাক্ত হলো। 

বিজ্ঞানীরা জানান, পৃথিবীসহ আমাদের সৌরজগৎ যে মিল্কিওয়ে (আকাশগঙ্গা) ছায়াপথে অবস্থিত, সেই ছায়াপথের একটি বিশাল আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণার মেঘে অত্যাধুনিক দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এ অণুর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

গবেষণায় আরও জানা গেছে, যে মহাজাগতিক অঞ্চলটিতে এই শর্করা অণু পাওয়া গেছে, সেখানে ইতোমধ্যেই ৩০০টিরও বেশি বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ শনাক্ত হয়েছে। এ কারণে অঞ্চলটিকে বিজ্ঞানীরা মহাশূন্যের এক ধরনের ‘রাসায়নিক গবেষণাগার’ হিসেবে বিবেচনা করছেন।

বিশেষজ্ঞদের ভাষ্য, মহাকাশে এ ধরনের জটিল জৈব অণুর উপস্থিতি ইঙ্গিত দেয় যে, প্রাণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো মহাবিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে থাকতে পারে। যদিও এটি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সরাসরি প্রমাণ নয়, তবে ভবিষ্যতে এ বিষয়ে গবেষণার নতুন পথ খুলে দিয়েছে।


এই গুরুত্বপূর্ণ গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমিতে  প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে আরও উন্নত পর্যবেক্ষণের মাধ্যমে মহাকাশে প্রাণের উৎস ও জৈব রসায়নের বিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।