ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:১৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

স্পোর্টস  ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চার বছর আগে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবার বিশ্বজয়ের সেই ট্রফি ধরে রাখতে না পারার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গের পর নিজ দেশে ফিরেছেন স্কালোনির শিষ্যরা। তবে রানার্স-আপ হয়ে দেশে ফেরা এই দলে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি এবং আরও কয়েকজন ফুটবলার।

সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনার পুরো দল। রানওয়েতেই কোচ লিওনেল স্কালোনি এবং দলটিকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আগেই নিশ্চিত করেছিল যে স্কোয়াডের সব সদস্য এই ফ্লাইটে থাকবেন না। অধিনায়ক লিওনেল মেসি বিমানে না থাকায় বিমানবন্দরে তাকে নামতে দেখা যায়নি। তিনিসহ দলের কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন।

এজেইজা বিমানবন্দরের কাছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের বাইরে বৃষ্টি ও শীতের চরম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমান হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক। নীল-সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে ফুটবলারদের ধন্যবাদ জানাতে হাজির হন তারা।


রোববার রাতে ফাইনাল শেষের পরপরই বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জমায়েত হন হাজারো সমর্থক। আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে দীর্ঘ সময় ধরে রানার্স-আপ দলটিকে তারা অভিবাদন জানান।

তবে রাতের শেষভাগে এই উদযাপনের মাঝে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু উচ্ছৃঙ্খল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং রবার বুলেট ব্যবহার করে। আর্জেন্টাইন পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।