ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে অতি ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে। বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত টানা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করে জানিয়েছে, এই অতি ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন নিচু এলাকা ও প্রধান সড়কগুলোতে সাময়িকভাবে তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। ফলে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষকে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগীয় শহরের নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
