ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৩৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও অনলাইন আসক্তি কমাতে বিশ্বের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে। অনেক দেশ এরই মধ্যে আইন কার্যকর করেছে, আবার অনেক দেশে নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বের অন্তত ২০টি দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছে, আইন প্রস্তাব করেছে বা নতুন বিধিনিষেধ আনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে পাঁচটি দেশে ইতোমধ্যে এসব বিধিনিষেধ কার্যকর হয়েছে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ কার্যকর রয়েছে। কোথাও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, আবার কোথাও অভিভাবকের অনুমতি ও বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

তুরস্ক আইন পাস করেছে, যা চলতি বছরের শেষ দিকে কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতও ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

এদিকে ইউরোপের অনেক দেশও একই পথে হাঁটছে। ইউরোপীয় ইউনিয়ন শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নিয়ম আনার প্রস্তুতি নিচ্ছে। গ্রিস, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাজ্য ও কানাডাও বয়সসীমা নির্ধারণ বা নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে।

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল মঙ্গলবার পার্লামেন্টে ভোটে ওঠার কথা রয়েছে। বিলটি পাস হলে সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর করার আশা করছে সরকার।

এ ছাড়া পর্তুগাল, স্পেন ও ইতালিতেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে নতুন আইন নিয়ে আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার মানসিক স্বাস্থ্য, ঘুম, পড়াশোনা ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের দিকে ঝুঁকছে।