ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৮:৪৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নীলফামারীর জলঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক রংপুরের পাগলাপীর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই নারী আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত রাধা রানী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার দুলাল সরকারের স্ত্রী এবং অঞ্জনা রানী একই এলাকার দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী। তারা সম্পর্কে আত্মীয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮) ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে। জব্দকৃত যানবাহনগুলো বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।