প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে প্রেসিডেন্টের পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গতকাল শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল রোববার সকাল ১১টা ৩০ মিনিট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভের পুস্তক অর্পণ করবেন এবং সাড়ে ১২টা ৩০ মিনিট শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।
