ঢাকা, মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ ১৪:৩২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়।

শফিকুল ইসলাম জানান, গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট সাত হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়, যা এক কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড।

তিনি বলেন, সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। আর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা।

পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতি মহোদয়বৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন।