জীবন বদলাতে গিয়ে প্রাণই হারালেন মরক্কোর নারী ফুটবলার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৯ এএম, ২ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
উন্নত জীবনের আশায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় পৌঁছাতে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমে প্রাণ হারিয়েছেন মরক্কোর তরুণ নারী ফুটবলার ফাতেন বিন আমোর আল আজিজি। উদীয়মান এই ফুটবলারের মৃত্যুর ঘটনায় মরক্কোর নারী ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।
ফাতেনের ক্লাব মাগরেব অ্যাটলেটিকো তেতুয়ান (এমএটি) এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছে, ‘ফাতেনের স্বপ্নটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।’
ক্লাবের ভাষ্য- খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আশাতেই তিনি জীবন বাজি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। বিবৃতিতে বলা হয়- ‘সে খ্যাতি কিংবা সস্তা অ্যাডভেঞ্চার খুঁজছিল না। সে চেয়েছিল একটি উন্নত জীবন, একটি সুন্দর ভবিষ্যৎ- যা সীমান্তের ওপারে তার জন্য অপেক্ষা করছে বলে বিশ্বাস করত। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সমুদ্র তার জীবন কেড়ে নেয়।’
ফাতেনের মৃত্যু মরক্কো-সেউতা সীমান্তে চলমান অভিবাসন সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। ফাতেনও তাদেরই একজন।
অন্যদিকে এ সংকট নিয়ে মরক্কো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হতাহত, আহত বা নিখোঁজের পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ফনিদেক (কাস্তিয়েহোস) থেকে সেউতার উদ্দেশে যাত্রাকালে পানিতে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। যদিও সীমান্ত এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবু নিখোঁজ স্বজনদের খোঁজে বহু পরিবার এখনো সীমান্ত এলাকায় ছুটে বেড়াচ্ছে। নিখোঁজদের বড় একটি অংশ তরুণ-তরুণী।
ফাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার এই বিপজ্জনক চেষ্টা আমাদের তরুণদের ভয়াবহ মূল্য দিতে বাধ্য করছে। স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হচ্ছে, আর অসংখ্য পরিবারের আনন্দ ভেসে যাচ্ছে চোখের জলে।’
