ময়মনসিংহে এক সঙ্গে ৪ পুত্রসন্তানের জন্ম
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার
ময়মনসিংহে এক প্রসূতি মা একসঙ্গে ৪ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রোববার বিকেলে সদর উপজেলার কমিউনিটিবেজড মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশে (সিবিএমসিবি) সিজারিয়ানের মাধ্যমে তাদের জন্ম হয়।
তবে মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও শ্বাসকষ্ট রয়েছে আরেকটি নবজাতকের। ৭২ ঘণ্টা অতিবাহিত না হলে তারা ঝুঁকিমুক্ত কি না, এটি নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া ইউনিয়নের তেলিহাতি গ্রামের দিনমজুর সিরাজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার রোববার সকালে হাসপাতালে ভর্তি হন। পরে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি ছেলে সন্তান প্রসব করেন।
১৮ নভেম্বর রাত ৯টার পর এ বিষয় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের ভিড় জমে। নবজাতকগুলোকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গরম কাপড়ে ঢেকে হিটার দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল কর্মকর্তা শায়লা শাহাদত বলেন, ‘নবজাতকগুলো প্রিম্যাচিউর লো বার্থওয়েট। তাদের ওজন ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ কেজি। অথচ সাধারণত নবজাতকসমূহ আড়াই কেজি হওয়ার কথা।’
তিনি আরও জানান, নবজাতকদের মা সুস্থ থাকলেও তিনটি শিশু’র অবস্থা মোটামুটি ভালো। অন্য নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে।
