সন্ধ্যার পর গ্যাস সরবরাহ বাড়বে: এমডি কর্ণফুলী গ্যাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষুব্ধ নাগরিকদের জন্য আশার কথা শোনালেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
আজ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা নাগাদ মাতারবাড়ির মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আজ সন্ধ্যা নাগাদ মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
একই সাথে আগামী দুই-একদিনের মধ্যে গ্যাস সরবরাহ পুরোপুরি চালু হওয়ার আশাও ব্যক্ত করেন তিনি।
বুধবার সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, মহেশখালী এলএনজি টার্মিনালে দুটি বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে সার্বিক গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশি-বিদেশি প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি বয়লার এরই মধ্যে মেরামত করেছেন। আজ সন্ধ্যা নাগাদ এ বয়লার থেকে আড়াইশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। তিনি আরও জানান, বাকি বয়লারটি ঠিক করতে আরও এক থেকে দুই দিন সময় লাগবে।
