জামালপুর মেইল লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
জামালপুর প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা- ময়মনসিংহ-গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী ৫২ নম্বর জামালপুর মেইল ট্রেনের চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রেলগেটের পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় আট ঘণ্টা ঢাকা–-গফরগাঁও–ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ জানান, ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেলপথ পরীক্ষা করা হয়। পরে শুক্রবার বিকেল ৪টার ৫০মিঃ দিকে এ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েক শ যাত্রী ছিলেন। বগিগুলো লাইনচ্যুত হলে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন মেইল, লোকাল ও আন্তঃনগর ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে। ফলে শত শত যাত্রী দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে লাগিয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি।
গফরগাঁও রেলওয়ের উপ-সহকারি (পথ) মো. আবু সাঈদ হাসান বলেন, রেললাইনগুলোর বহু দিন আগেই মেয়াদ শেষ হয়েছে। লাইন কোথায় কখন ভাঙে বলা সম্ভব নয়। আমরা ভেঙে যাওয়া লাইন মেরামতের জন্য কাজ করছি। আশা করি দ্রুত ঠিক হবে।
তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, গফরগাঁও-ঢাকা-ময়মনসিংহ এ রুটে একাধিক ট্রেন বহুবার লাইনচ্যুত ও লোকোমোটিভ বিকলের ঘটনা ঘটেছে। তাঁরা রেলপথের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার, নিয়মিত কারিগরি তদারকি এবং ঢাকা –-গফরগাঁও - ময়মনসিংহ রুট ডাবল লাইনে উন্নীত করার দাবি জানিয়েছেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জয়দেবপুর–-গফরগাঁও-–ময়মনসিংহ রেলপথ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এদিকে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
