ঢাকা, সোমবার ১০, আগস্ট ২০২৬ ১৫:৪১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন ওকাসিও

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেছেন, তিনি প্রজনন চিকিৎসার অংশ হিসেবে নিজের ডিম্বাণু সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ডিম্বাণু সংরক্ষণ প্রক্রিয়ার শুরুর দিকের অভিজ্ঞতাগুলোও তিনি বর্ণনা করেছেন।

৩৬ বছর বয়সী ওকাসিও-কর্টেজ গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ক্লিপ পোস্ট করেন। এর কয়েক ঘণ্টা পর এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেখানে কর্টেজ বলেছেন, ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে লড়াই করার সম্ভাবনা তিনি ‘পুরোপুরি নাকচ করছেন না’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওকাসিও-কর্টেজ একটি ইনজেকশন নিচ্ছেন এবং এ প্রক্রিয়া থেকে পাওয়া বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করছেন। এরপর তিনি ডিম্বাণু সংরক্ষণের খরচ, চিকিৎসা পদ্ধতি, সংরক্ষণব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রে প্রজনন স্বাস্থ্যসেবা কীভাবে দেওয়া হয়—এসব নিয়েও প্রশ্নের উত্তর দেন।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেজ বলেন, ডিম্বাণু সংরক্ষণের এই প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে আলোচনা হওয়াটাকে ‘স্বাভাবিক’ করে তুলতে চান তিনি।

ওকাসিও-কর্টেজ বলেন, ‘বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে’ এ ধরনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য বলেন, ‘এই প্রশাসন (ট্রাম্পের সরকার) দেশজুড়ে নারীদের প্রজননস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করছে। গর্ভপাতের অধিকার থেকে শুরু করে সুস্থভাবে গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে। নেতৃত্বের জায়গায় থাকা মানুষ হিসেবে আমাদের এসব বিষয় নিয়ে কথা বলা এবং নিজেদের অভিজ্ঞতা ও প্রক্রিয়াগত তথ্য ভাগাভাগি করে নেওয়াকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ওকাসিও-কর্টেজ বলেছেন, বিষয়টি (ডিম্বাণু সংরক্ষণ) প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে ‘রাজনৈতিক ঝুঁকি’ থাকলেও তিনি এ তথ্য সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছেন।

সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মানুষ যাঁদের দেখতে চান, তার মধ্যে ওকাসিও-কর্টেজও আছেন। তিনি প্রার্থী হবেন কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে ওকাসিও-কর্টেজ হেসে ফেলেন। তিনি সরাসরি উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

ওকাসিও বলেন, ‘আমি এখন মধ্যবর্তী নির্বাচনে জয়ের দিকে মনোযোগ দিচ্ছি। এই মুহূর্তে আমি কংগ্রেসে নির্বাচনের জন্য লড়ছি।’

তবে ওকাসিও এ বিষয়ে আগ্রহী কি না এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়াটা বাস্তবসম্মত সম্ভাবনা কি না—এ নিয়ে আরও চাপ দিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই সম্ভাবনাকে নাকচ করিনি। আর বাইরে থেকে যে বিপুল সমর্থন পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।’

ওকাসিও আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হলো মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ ধরে রাখা, নিজেদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নয়।’

সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিনেটের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা চাক শুমারের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা নিয়ে ওকাসিও-কর্টেজকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘সবকিছুই সম্ভব।’

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে এই নির্বাচন হয়।

এবারের মধ্যবর্তী নির্বাচন নভেম্বরের শুরুতে হওয়ার কথা। এতে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে ভোট হবে। পাশাপাশি সিনেটের ১০০টি আসনের প্রায় এক-তৃতীয়াংশেও নির্বাচন হবে।

সূত্র : বিবিসি