স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৫ এএম, ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী দোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে।
প্রায় ছয় মাস ধরে এমন চিঠি এলেও সম্প্রতি পাওয়া চিঠিতে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও বলা হয়েছে। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে সর্বশেষ দুটি হুমকির চিঠি পৌঁছানোর পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে থাকা সৌরভের ম্যানেজারের মাধ্যমে এ অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকি চিঠি আসছিল। তবে সম্প্রতি পাওয়া চিঠিগুলোতে সৌরভ ও তার স্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও বলা হয়েছে।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চিঠির বিষয়বস্তু, কীভাবে সেগুলো পাঠানো হয়েছে এবং কুরিয়ার ব্যবস্থার মাধ্যমে প্রেরকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এগুলোর একটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
প্রেরককে শনাক্ত করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী দল। পাশাপাশি চিঠি পাঠাতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোবাইল নম্বরও শনাক্ত করা হয়েছে। নম্বরটির অবস্থান ও ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
একই ব্যক্তি সব চিঠি পাঠিয়েছে, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি বা কোনো সংগঠিত চক্র রয়েছে- তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত হুমকির উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলকাতা পুলিশ।
সূত্র: এনডিটিভি
