ঢাকা, শুক্রবার ১৪, আগস্ট ২০২৬ ২:১০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন পাচারের শিকার ৩ তরুণী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে ভারতে পাচারের শিকার হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে তাঁরা দুই বছর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই যান। সেখানে বিউটি পার্লারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাদের এক বছরের কারাদণ্ড দেন।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের নিজেদের কাছে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের যৌথ উদ্যোগ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল তারা দেশে ফেরেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা তরুণীদের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন  বলেন, ফেরত আসা তরুণীদের পোর্ট থানা থেকে গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। আজ তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।