ঢাকা, রবিবার ১৬, আগস্ট ২০২৬ ২২:৩৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯০৮-এ পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মোট ৯০৮ মৃত্যুর মধ্যে ৮০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার পর। অর্থাৎ চলমান প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি এখনো অব্যাহত রয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত শিশুর দ্রুত চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধে টিকাদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, চলতি প্রাদুর্ভাবের পেছনে শিশুদের নিয়মিত টিকাদানে তৈরি হওয়া ঘাটতি বড় ভূমিকা রাখছে। বিশেষ করে টিকা না পাওয়া ও অসম্পূর্ণ টিকা নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।

চলমান পরিস্থিতিতে সরকার ও আন্তর্জাতিক অংশীদাররা জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ইউনিসেফ জানিয়েছে, ৩০টি উচ্চঝুঁকির উপজেলা নিয়ে ১৮ জেলায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল; পরে তা আরও বিস্তৃত করা হয়।