প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ১৫ ভরি সোনা ও টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৭ এএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফেনীর মহিপালে দিনে দুপুরে প্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি সোনা ও নগদ ১০ লাখের বেশি টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ আগস্ট) শহরতলীর মহিপাল ফলের আড়ৎ সংলগ্ন রেহান ম্যানশনে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির মালিক সৌদি প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী গৃহবধূ শাহানা আক্তার জানান, বাড়ির দ্বিতীয় তলার পুরোটাতে তারা থাকেন। নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে সামাউন রেহান বিদ্যালয়ে চলে যাওয়ায় ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। দরজায় শব্দ শুনে তিনি গিয়ে কারা এসেছে দেখার জন্য সামান্য ফাঁক করার সঙ্গে সঙ্গে দুজন লোক জোরপূর্বক ভেতরে ঢুকে ছুরি ধরে তার মুখে বেঁধে নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও ১৫ ভরি সোনার গহনা লুট করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরের দিকে বাসায় পুলিশ গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য ও সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছে। এ ছাড়া ঘটনাটি শোনার পর তার স্বামী মো. নুরুজ্জামান সৌদি থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অলি আহমদ পরিদর্শনের বিষয়টি স্বীকার করে জানান, তিনি যাওয়ার পর ভুক্তভোগীরা ২০ ভরি স্বর্ণালংকারের তথ্য দিয়েছিলেন। কয়েক ভরি সোনা ও চেক বই খুঁজে পেয়ে তাদের বুঝিয়ে দিয়ে এসেছেন। সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছেন। কী পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে গেছে তা নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করবেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) সজল কান্তি দাস বলেন, ভুক্তভোগী গৃহবধূ কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। ঠিকমতো কথা বলতে পারছেন না। ফলে এখন ও থানায় লিখিত অভিযোগ করেনি।
এ ব্যাপারে জানতে রাত সোয়া ৯টায় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভড না করায় তার বক্তব্য জানা যায়নি।
