১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম শুক্রবার নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন। পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করেন তিনি। ইথেল বর্তমানে সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোম-এ বসবাস করছেন। খবর বিবিসির।
২০২৫ সালের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির খেতাব অর্জন করেন ইথেল। দুটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১১০ বছর বয়সে ২০২০ সালে কোভিডে আক্রান্ত হলেও তা সফলভাবে জয় করা প্রবীণতম বেঁচে থাকা ব্যক্তিদের একজন ইথেল।
যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইথেল। আর বেড়ে ওঠেন উইল্টশায়ারের টিডওয়ার্থে। রাজাসপ্তম এডওয়ার্ডের জমানার জীবিত শেষ নাগরিক ইথেল মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ভারতে আসেন এবং এক সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে তাঁর দেখা হয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যাসন্তান থাকলেও দুজনেই মায়ের আগেই মারা যান। ১৯৭৬ সালে স্বামী নরম্যানও মৃত্যুবরণ করেন।
