ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যবসা-বাণিজ্যে অবদানে ৭ নারী পেলেন উদ্যোক্তা পুরস্কার

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার

1433931961স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষায় নারীদের এক সঙ্গে কাজ করতে হবে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নারী নেতৃত্বে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে নারীর অগ্রগতি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, বিডব্লিউসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য দেশের ৭ বিভাগের ৭ নারী উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককেও পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত ৭ নারী উদ্যোক্তা হলেন - বরিশালের চন্দ্রিমা ফ্যাশন হাউজের মাকসুদা খাতুন, চট্টগ্রামের নিকোর ক্র্যাপসের নুরুন্নাহার, ঢাকার ট্রিমটেক্স বাংলাদেশের শাহিদা পারভিন, খুলনার এক্সিকিউটিভের কানিজ সুলতানা, রংপুরের আসমাউল হোসনা, ইলেক্ট্রনিক মিডিয়া যমুনা টেলিভিশনের সীমা ভৌমিক এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশে হতে নারীদের প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়াতে হবে। এ পর্যন্ত বিডব্লিউসিসিআই ৪৭ হাজার নারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছে। এর সঙ্গে সরকারের সহযোগিতা যোগ হলে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলারের রফতানি আয় করা সম্ভব হবে। তথ্যপ্রযুক্তিতে বর্তমান সরকার খুব গুরুত্ব দিয়েছে জানিয়ে বণিজ্যমন্ত্রী বলেন, এ খাত থেকে আগামী বছর ১ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তথ্য প্রযুক্তিখাতের পাশাপাশি জাহাজ শিল্প ও ওষুধ শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সব খাতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটে নারীদের জন্য থোক বরাদ্দ দেওয়া হয়েছে। নারীদের জন্য ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ নিয়ে কোনও হতাশা নেই। আগামীতে বাংলাদেশ বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে চলে আসবে। এ জন্য নারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই। ১০.০৬.২০১৫