ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বন্দিদের যৌন হয়রানির অভিযোগ অস্বীকার সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

কারাগারে নারী মানবাধিকারকর্মীসহ আটকদের জিজ্ঞাসাবাদের সময়ে যৌন হয়রানি ও নির্যাতন করা হয় বলে প্রকাশিত খবরের নিন্দা জানিয়েছে সৌদি আরব।

 

এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করছে রিয়াদ।


সৌদি সরকার বলেছে, তারা এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এটা একেবারে ভুল তথ্য।  

 
এদিকে সৌদি আরবে বন্দী নারী অধিকারকর্মীদের ইলেকট্রিক শক, বেত্রাঘাত ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন মানবাধিকারকর্মীরা। দেশটির ধাভান কারাগারে এ নির্যাতন চালানো হয়েছে বলে তাদের অভিযোগ। 


একই অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। খবর বিবিসি

 

চলতি বছরের শুরুতে সৌদি একাধিক প্রভাবশালী ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী ও নারী অধিকারকর্মীদের আটক করে। সর্বশেষ প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, বন্দী নারীদের ইলেকট্রিকশক দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বেত্রাঘাতও করা হয়েছে। ফলে তারা ঠিকমতো উঠে দাঁড়াতে ও হাঁটতে পারছেন না। এদের মধ্যে একজনের সঙ্গে যৌন হয়রানি করেছেন মুখোশপরিহিত এক জিজ্ঞাসাকারী।

 

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কমপক্ষে তিনজন নারী বন্দীকে ইলেকট্রিক শক দেয়া হয়েছে ও বেত্রাঘাত করা হয়েছে। যৌন হয়রানি প্রসঙ্গে হিউম্যান রাইটসের অভিযোগ, এসব নারীদের জোরপূর্বক জড়িয়ে ধরা হয়েছে ও চুমু দেয়া হয়েছে।

 


গত বছর নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে নারীদের গাড়ি চালানোর অনুমতি এমন সময়ে দেয়া হয়, যখন নারী অধিকারকর্মীদের বিরুদ্ধে ব্যাপকভাবে ধরপাকড় অব্যাহত ছিল।

 

এ পর্যন্ত ১৭ জন অধিকার কর্মীকে আটক করেছে সৌদি। এদের মধ্যে পাঁচজনই নারী। আটকের পর আটজনকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয়া হয়েছে।

 

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি একজন প্রগতিশীল সংস্কারক হিসেবে দাবি করে থাকেন, তার নেতৃত্বে সৌদিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে বিরোধীদের মুখ বন্ধ করতে খরগহস্ত তিনি।

 

সর্বশেষ গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন প্রখ্যাত সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। পরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়, খাশোগিকে হত্যা করা হয়েছে।