পেগুলাকে হারিয়ে ২০২৬-এর প্রথম শিরোপা গফের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার
কোকো গফ;
জেসিকা পেগুলাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ২০২৬ সালের প্রথম শিরোপা জিতলেন কোকো গফ; ইউএস ওপেনের আগে দ্বিতীয়বারের মতো সিনসিনাটি চ্যাম্পিয়ন মার্কিন তারকা।
ইউএস ওপেনের আগে কোকো গফ দিলেন বড় বার্তা। রোববার সিনসিনাটি ওপেনের ফাইনালে স্বদেশি জেসিকা পেগুলাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ২০২৬ সালের প্রথম WTA শিরোপা জিতেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর এই মার্কিন তারকা। মাত্র ৭৫ মিনিটেই ফাইনাল শেষ করে দ্বিতীয়বারের মতো সিনসিনাটির চ্যাম্পিয়ন হলেন গফ। এর আগে ২০২৩ সালেও এই টুর্নামেন্ট জিতেছিলেন তিনি, যে বছরই ইউএস ওপেনের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন।
সিনসিনাটিতে এটি ছিল ১৯৭০ সালের পর প্রথম অল-আমেরিকান নারী ফাইনাল। তবে ম্যাচটি শেষ পর্যন্ত একতরফাই হয়েছে। শুরুতেই পেগুলার সার্ভিস দুবার ভেঙে ৪-০ ব্যবধানে এগিয়ে যান গফ। পরে ৫-০ থেকে পেগুলা একটি ব্রেক ফেরালেও গফ আবার ব্রেক করে ৩৪ মিনিটে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটেও একই চিত্র—৩-০ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন গফ এবং প্রথম ম্যাচ পয়েন্টেই শিরোপা নিশ্চিত করেন।
এই জয় গফের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর সিনসিনাটিতে প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে হতাশায় পার্কিং লটে কেঁদেছিলেন তিনি। সেই ম্যাচে তার ডাবল ফল্ট ছিল ১৬টি। সার্ভিস নিয়ে সমস্যার কারণে ইউএস ওপেনের মাত্র কয়েক দিন আগে নতুন কোচও নিয়েছিলেন গফ। এবার অবশ্য সার্ভে ছিলেন অনেক বেশি স্থির, আর তাঁর গতি ও আক্রমণাত্মক টেনিসের সামনে পেগুলা কার্যত কোনো উত্তর খুঁজে পাননি।
