ঢাকা, বুধবার ২৬, আগস্ট ২০২৬ ১৪:১৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীজুড়ে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন হয়ে পড়েছিল। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে সংস্থাটি।