ঢাকা, বৃহস্পতিবার ২৭, আগস্ট ২০২৬ ১৩:০৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপালে আকস্মিক বন্যা: নিহত শতাধিক, নিখোঁজ কয়েক শ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ এএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

নেপালে আকস্মিক বন্যা: নিহত শতাধিক, নিখোঁজ কয়েক শ পর্যটক

নেপালে আকস্মিক বন্যা: নিহত শতাধিক, নিখোঁজ কয়েক শ পর্যটক

নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় শত শত বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ১০০ জনেরও বেশি, যুক্তরাষ্ট্রের ৫৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং নেপালের নিজেদেরই ১০০ জনের বেশি নাগরিক রয়েছেন। ট্র্যাকিং ও তীর্থযাত্রার জন্য অত্যন্ত জনপ্রিয় এই অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন তারা। নিখোঁজদের তালিকায় বেশ কয়েকজন পুলিশ সদস্য, সেনাসদস্য এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও রয়েছেন।

দুর্ঘটনাকবলিত এলাকার এক প্রত্যক্ষদর্শী নারী আকুতি জানিয়ে বলেন, "চোখের সামনেই পরিবারের সবাইকে পানির স্রোতে ভেসে যেতে দেখেছি। আমি আর আমার ছেলে কোনোমতে ছাদ আঁকড়ে ধরে প্রাণ বাঁচিয়েছি।"

সীমান্তের অপর পাশে তিব্বতে অন্তত ৩ জনের মৃত্যু এবং ২৬৫ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মাধ্যম। তিব্বতের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে নেমে আসা কাঁদা ও পানির এক বিশাল দেওয়াল সীমান্ত পারাপারের বিভিন্ন ভবনে সজোরে আঘাত হানছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে এই ধস নেমেছে বলে ধারণা করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) স্পষ্ট করেছে যে, ভূমিকম্প নয়, বরং বিশাল আকারের ভূ-ধসের ফলেই ভূ-কম্পন তরঙ্গ বা সিসমিক এনার্জি তৈরি হয়েছিল।

অঞ্চলজুড়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।