ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:০৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন করে ‘নারী নির্যাতন’ জরিপ করবে পরিসংখ্যান ব্যুরো

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৭:২০ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার

nariস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নারী নির্যাতনের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে জরিপ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ লক্ষ্যে বুধবার (১০ জুন) ঢাকা জেলা পরিসংখ্যান অফিসে ‘নারীদের অবস্থান সম্পর্কীয় জরিপ-২০১৫’ এর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ  শুরু হয়েছে। এতে ঢাকা জেলার ৬৩জন তথ্য সংগ্রহকারী ও ৬৩জন সুপারভাইজার অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক এ কে এম ফজলুল হক। তিনি বলেন, নতুন করে নারী নির্যাতনের ওপর জরিপ শুরু হবে। এজন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। নতুন করে কিছু প্রশ্ন সংশোধন করে আগামী ২২জুলাই থেকে এ জরিপের কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। এর আগে প্রথম পর্যায়ে ২০১১ সালে ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে-২০১১’ নামে জরিপ করা হয়। ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছিল- দেশে নারী নির্যাতনের হার শতকরা ৮৭ শতাংশ। কিন্তু জরিপের কিছু প্রশ্নে ত্রুটি থাকায় তা সংশোধন করে সময় উপযোগী প্রশ্ন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নতুন করে এ বছর আবারও জরিপ করা হবে। এ কে এম ফজলুল হক বলেন, এবারের জরিপে গত এক বছরে কী পরিমাণ নারী নির্যাতিত হয়েছে এবং সারাজীবনে একজন নারী কতবার নির্যাতনের শিকার হয়েছে তাও উঠে আসবে। ২০১৫ সালের মধ্যে বিশ্বের সব দেশকে নারী নির্যাতনের সঠিক অবস্থা জানানোর জন্য আহ্বান জানায় জাতিসংঘ। ১১.০৬.২০১৫