ঢাকা, মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ ১৭:১১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কক্সবাজারে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের রায়কে স্বাগত রিয়ানোর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশবিষয়ক মানবাধিকার রক্ষাসংক্রান্ত স্পেশাল র‍্যাপোর্টিয়ার অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। সমুদ্র ও সৈকত রক্ষায় রাষ্ট্রকে সহায়তা করায় হাইকোর্টকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের লিংকডইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাইকোর্টের এ আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানান অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। তিনি লেখেন, ‘বাংলাদেশ থেকে একটি ভালো খবর এসেছে! দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষায় হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন। আদালত সেখানে সড়ক নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।’

সড়কটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) নির্মাণ করা হচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত হিসেবে পরিচিত। পরিবেশের ওপর নির্মাণকাজটির সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে হাইকোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণের আগে এর পরিবেশগত, সামাজিক ও মানবাধিকারগত প্রভাব সামগ্রিক, সমন্বিত, স্বাধীন ও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে জলবায়ুর ওপর এর প্রভাবও মূল্যায়ন করা রাষ্ট্রগুলোর দায়িত্ব। মহাসাগর ও মানবাধিকার এবং পরিবেশগত প্রভাব নিয়ে তাঁর বিভিন্ন প্রতিবেদনেও এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সড়ক নির্মাণের বিরুদ্ধে আদালতে আইনি লড়াই করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকারের অন্যতম প্রধান অংশ হলো ন্যায়বিচারের সুযোগ থাকা।
এর আগে গত ২ সেপ্টেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধে আট সপ্তাহের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

রুলে কক্সবাজার পৌরসভার ওই সড়ক নির্মাণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সড়ক নির্মাণের বিরুদ্ধে রিটটি দায়ের করে। রিটে বলা হয়, সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত ‘নো ডেভেলপমেন্ট জোনে’ কক্সবাজার পৌরসভা ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক নির্মাণ করছে।