ঢাকা, মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিরোপার পথে গফ, ওসাকাকে হারিয়ে শেষ আটে রিবাকিনা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জোভিচকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গফ; রিবাকিনার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন ওসাকা।

একসময় ইউএস ওপেনে চমক দেখাতে আসা কিশোরী ছিলেন কোকো গফ। এখন সেই গফই গ্র্যান্ড স্লামজয়ী তারকা। অভিজ্ঞতার সেই পরিণত ছাপ দেখা গেল ১৮ বছর বয়সী আইভা জোভিচের বিপক্ষে। দুর্দান্ত পারফরম্যান্সে স্বদেশিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই গফ।

২০২৩ সালে নিউইয়র্কে শিরোপা জেতা গফ এবারও ছুটছেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামের দিকে। শেষ আটে তাঁর প্রতিপক্ষ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মিরা আন্দ্রেয়েভা। এই জয় দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে—শিরোপা জিততে পারলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানেও উঠতে পারেন গফ।

জোভিচের বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য গফের জন্য খুব সহজ ছিল না। প্রথম তিন গেমেই দুজন পরস্পরের সার্ভিস ভাঙেন। ২৪ পয়েন্টের ওই তিন গেম খেলতেই সময় লাগে ১৭ মিনিট। এরপর ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন গফ। বেসলাইন থেকে ধারাবাহিক আক্রমণে জোভিচের রক্ষণ ভাঙতে থাকেন তিনি। প্রথম সেটের শেষ ১৫ পয়েন্টের ১৩টিই জিতে মাত্র ৩৩ মিনিটে সেটটি নিজের করে নেন।

দ্বিতীয় সেটে অবশ্য জোভিচ লড়াইয়ে ফেরেন। নোভাক জোকোভিচের পরামর্শ পাওয়া এই মার্কিন তরুণী চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে পঞ্চম ব্রেক পয়েন্টে আর রক্ষা হয়নি। গফ ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জোভিচ দ্রুতই তাঁর সার্ভিস ফিরিয়ে নেন। কিন্তু গফের দুর্দান্ত গতি, শারীরিক সক্ষমতা ও অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি জোভিচ। ম্যাচ শেষে গফও প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, জোভিচ বয়সের তুলনায় অনেক পরিণত খেলছেন এবং ভবিষ্যতে তাঁদের আরও অনেক লড়াই হবে।

গফের জয়ের ফলে এবারের ইউএস ওপেনের নারী এককের শেষ আট আরও শক্তিশালী হয়ে উঠেছে। ১৯৯৮ সালের পর এবারই প্রথম শীর্ষ ছয় বাছাইয়ের সবাই কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এরই মধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছেন পাঁচ গ্র্যান্ড স্লামজয়ী, সঙ্গে আছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং ছিনওয়েন।

এদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনাও। দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী কাজাখ তারকা ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী নাওমি ওসাকাকে। মাত্র ৬৬ মিনিটের ম্যাচে রিবাকিনা করেছেন ২৯টি উইনার ও সাতটি এস। সার্ভিসে প্রায় নিখুঁত ছিলেন তিনি—পুরো ম্যাচে মাত্র চার পয়েন্ট হারিয়েছেন। পায়ে ব্যথার সমস্যায় ভুগছিলেন ওসাকা। রিবাকিনা শেষ আটে খেলবেন ঝেং ছিনওয়েনের বিপক্ষে। এই ম্যাচ জিততে পারলে, আরিয়ান সাবালেঙ্কা শিরোপা ধরে রাখলেও প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠবেন রিবাকিনা।